ঢাকায় অনলাইন-অফলাইন সমন্বয়ে ব্লেন্ডেড লার্নিং চালু, পাইলট প্রকল্প শুরু

ঢাকায় অনলাইন-অফলাইন সমন্বয়ে ব্লেন্ডেড লার্নিং চালু, পাইলট প্রকল্প শুরু

রাজধানীর নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে নতুন শিক্ষাব্যবস্থা ‘ব্লেন্ডেড লার্নিং’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

সভায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন এবং ব্লেন্ডেড পদ্ধতিতে পাঠদান চালুর পক্ষে মতামত দেন। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে রাজধানীর অনলাইন ক্লাস পরিচালনায় সক্ষম কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হবে। এর লক্ষ্য হচ্ছে নগরীর যানজট কমানো, জ্বালানি সাশ্রয় করা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা।

আরো পড়ুন:- কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় অনুদান আবেদন শুরু, অনলাইনে আবেদন বাধ্যতামূলক

নতুন ব্যবস্থায় সপ্তাহে ছয় দিনের কার্যক্রম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি শ্রেণিকক্ষে (অফলাইন) উপস্থিত থাকবে। আর রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস অনুষ্ঠিত হবে।

সভায় বক্তারা বলেন, সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষায় প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উন্নত ইন্টারনেট সুবিধা এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি জোরদার করতে হবে।

এছাড়া অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি রিপোর্টিং সিস্টেম চালুর প্রস্তাবও উপস্থাপন করা হয়, যা অফলাইন ক্লাসের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এটি বাধ্যতামূলক নয়; বরং ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য একটি উদ্যোগ। যেসব শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত ও সক্ষম, তারা স্বেচ্ছায় এই কার্যক্রমে অংশ নিতে পারবে। ভবিষ্যতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হলে এ পদ্ধতি আরও বিস্তৃত করা হতে পারে।

তিনি আরও স্পষ্ট করে জানান, অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা বাসা থেকে যুক্ত হলেও শিক্ষকদের প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে ক্লাস পরিচালনা করতে হবে। বাসা থেকে শিক্ষকদের ক্লাস নেওয়ার সুযোগ রাখা হয়নি।

মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও অভিযোজিত করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে।

প্রেস ব্রিফিংয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment