স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি-দাওয়া বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক নেতারা। এ লক্ষ্যে জরুরি সভা শেষে স্মারকলিপি প্রদান ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট-এর আন্দোলন বাস্তবায়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। সভা পরিচালনা করেন তাজুল ইসলাম ফরাজী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শামসুল আলম।
সভায় দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিনের দাবি-দাওয়া বাস্তবায়নে পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল ২০২৬-এর মধ্যে সারা দেশের সকল সংসদ সদস্যদের কাছে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার শিক্ষকরা স্মারকলিপি প্রদান করবেন। এর মাধ্যমে শিক্ষকরা তাদের দাবি ও সমস্যাগুলো সরাসরি সংসদ সদস্যদের কাছে তুলে ধরবেন।
আরো পড়ুন:-বিনামূল্যে স্কুল ড্রেসে বৈষম্য নয়: ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের সমান সুযোগের দাবি
এছাড়া আগামী ১৫ এপ্রিল সারা দেশের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি আদায়ে সকল সংগঠন ও শিক্ষকদের ঐক্যজোটের সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হবে।
এছাড়াও কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং সাংগঠনিক শক্তি জোরদারের বিষয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দ মনে করেন, সংগঠিত ও ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে সফলতা পাওয়া সম্ভব।
সভা শেষে সকল ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষককে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
শিক্ষক নেতারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচিগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।






