নওগাঁ জেলার মান্দা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মোঃ পলাশ উদ্দিন (২৫), রইস উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫), আবুল কালাম আজাদ (৩৫) এবং জনি ইসলাম (৩৫)। তারা সবাই মান্দা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন কালিকাপুর ইউনিয়নের হুলিবাড়ী এলাকার একটি লিচু বাগানে অভিযান চালানো হয়। সেখানে মাদক বিক্রি ও সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরো পড়ুন:- নওগাঁ শহরে জুয়ার আসরে পুলিশের অভিযান: ১০ জুয়ারী আটক, জব্দ ৪৬ হাজার টাকা
স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সংক্রান্ত নানা অভিযোগ ছিল। পুলিশের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও সচেতনতা কার্যক্রম চালানো হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান নিয়মিত চালানো হলে এলাকায় মাদকদ্রব্যের বিস্তার কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।








