দেশে শিশুদের মধ্যে হাম ও হাম-রুবেলা সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা ও পৌরসভায় এ কর্মসূচি পরিচালিত হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়–এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার সকাল ৯টায় দেশের বিভিন্ন স্থানে একযোগে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা পৃথক পৃথক স্থানে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করবেন।
আরো পড়ুন:-ড. ইউনুসকে রাজপথে নামার আহ্বান, নাহিদ ইসলামের বক্তব্যে রাজনৈতিক আলোড়ন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সাম্প্রতিক সময়ে ছোট শিশুদের মধ্যে হাম সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে বর্তমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব। সরকার ব্যবহৃত টিকাকে নিরাপদ ও কার্যকর উল্লেখ করে জানায়, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের মোট ৩০টি উপজেলা ও পৌরসভাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বরগুনা সদর ও পৌরসভা এলাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। এছাড়া পাবনা সদর ও পৌরসভা, চাঁদপুর সদর, কক্সবাজারের মহেশখালী, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহ সদর ও ত্রিশাল, রাজশাহীর গোদাগাড়ী এবং বরিশালের মেহেন্দিগঞ্জসহ আরও কয়েকটি এলাকায় সংক্রমণের হার মাঝামাঝি পর্যায়ে রয়েছে।
অন্যদিকে মাদারীপুর, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি ও শরীয়তপুরসহ বেশ কয়েকটি জেলায় সংক্রমণের হার তুলনামূলকভাবে কম বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সংক্রমণ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।









