নওগাঁ শহরে ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দ্রুত তৎপরতায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নওগাঁ শহরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শহরের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ১৯ মার্চ ২০২৬ তারিখে ডিবি পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছিল।
ঘটনাটি ঘটে সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে, শহরের বাটার মোড় এলাকায়। এসময় এক ভদ্রমহিলা তার মেয়েকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ এক ছিনতাইকারী তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ভুক্তভোগী নারী চিৎকার করলে আশপাশে থাকা ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে। এসময় স্থানীয় জনগণও পুলিশকে সহযোগিতা করে।
আটককৃত ছিনতাইকারীর নাম রাকিব (১৯)। তার বাড়ি বগুড়া জেলার সান্তাহার থানার আদমদিঘী এলাকায় বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





