শিক্ষামন্ত্রীর উদ্যোগে সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর অনুরোধে জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য মোট ১৫০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে সংসদের দর্শনার্থী গ্যালারিতে অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন নির্ধারিত ছিল। তবে শিক্ষামন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত আরও ১০০টি আসন বরাদ্দের সিদ্ধান্ত অনুমোদন করেন স্পিকার। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:- এসএসসি ২০২৬ পরীক্ষা: নকল বন্ধে কঠোর ব্যবস্থা, সিসি ক্যামেরা বাধ্যতামূলক
ফলে এখন থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম দেখার সুযোগ পাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে নতুন প্রজন্ম সংসদীয় গণতন্ত্র, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারবে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন, যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারে। আমিও চাই নতুন প্রজন্ম রাষ্ট্র সম্পর্কে জানুক এবং রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠুক।”
মন্ত্রী আরও জানান, তিনি জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া-এর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তিনি উদ্যোগটিকে স্বাগত জানান।
তিনি বলেন, শিক্ষার্থীরা সংসদে গেলে অধিবেশন শুরুর আগে তাদের জন্য সংসদের ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়া হবে। এর মাধ্যমে তারা শুধু সংসদীয় কার্যক্রমই নয়, দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো সম্পর্কেও সম্যক জ্ঞান লাভ করতে পারবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক চর্চায় আগ্রহী করে তুলবে এবং রাষ্ট্র সম্পর্কে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।







