স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সংগঠনগুলোর দীর্ঘদিনের বিচ্ছিন্ন আন্দোলন এবার ঐক্যের পথে। দেশের ১২টি শিক্ষক সংগঠন একত্র হয়ে একটি কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি গঠন করেছে, যা ভবিষ্যতে যৌথভাবে দাবি আদায়ে কাজ করবে।
জানা গেছে, এই ওয়ার্কিং কমিটি আগামী রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় ঢাকার কমলাপুর শিক্ষক পরিষদ অফিসে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
সভা সূত্রে জানা যায়, সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এতে প্রতিটি সংগঠন থেকে সভাপতি, মহাসচিবসহ গুরুত্বপূর্ণ নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন।
আরো পড়ুন:- ইবতেদায়ী মাদ্রাসার কোডভুক্ত প্রতিষ্ঠানের মোবাইল নম্বর প্রকাশ, পর্যায়ক্রমে যুক্ত হবে বাকি প্রতিষ্ঠান
প্রধান দুই দফা দাবি
ওয়ার্কিং কমিটির মূল লক্ষ্য দুটি দাবিকে কেন্দ্র করে—
১️⃣ সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিকের ন্যায় জাতীয়করণ
২️⃣ এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করা
যা বললেন মহাসচিব
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব রেজাউল হক বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত। এতদিন বিচ্ছিন্নভাবে আন্দোলন করেছি। কিন্তু এবার ১২টি সংগঠন একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ে নামছি। আমরা বিশ্বাস করি, সম্মিলিত শক্তির মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার আদায় সম্ভব হবে।”
তিনি আরও জানান, খুব শিগগিরই সংগঠনগুলো সমন্বিত কর্মসূচি ঘোষণা করবে এবং ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাবে।
ঐক্যবদ্ধ পথচলার সূচনা
এই উদ্যোগকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এক প্ল্যাটফর্মে আসার ফলে সরকারের কাছে দাবিগুলো আরও জোরালোভাবে উপস্থাপন করা সম্ভব হবে।









