সারাদেশের এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রশ্নে জানতে চাওয়া হয়, দেশে নতুন কোনো নন-এমপিওভুক্ত স্কুল ও কলেজকে এমপিওভুক্ত করার পরিকল্পনা রয়েছে কিনা এবং থাকলে তা কবে বাস্তবায়ন করা হবে।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরে শিক্ষার সম্প্রসারণ এবং গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আরো পড়ুন:-ইবতেদায়ী মাদরাসা সরকারি করণ হবে কি? সংসদে শিক্ষামন্ত্রীর বক্তব্য
তিনি জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোকে সরকারি আর্থিক সহায়তার আওতায় আনা হচ্ছে, যাতে শিক্ষকদের বেতন-ভাতা নিশ্চিত করা যায় এবং শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় থাকে।
মন্ত্রী আরও বলেন, নতুন নন-এমপিওভুক্ত স্কুল ও কলেজগুলোকে এমপিওভুক্ত করার বিষয়ে সরকার ইতিবাচক। তবে এ ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা ও শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করা হবে।
এসব শর্তের মধ্যে রয়েছে—শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার ফলাফল, অবকাঠামো, শিক্ষকসংখ্যা এবং ভৌগোলিক প্রয়োজনীয়তা। এসব মানদণ্ড পূরণকারী প্রতিষ্ঠানগুলোকেই পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে।
তিনি স্পষ্ট করে জানান, সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে এবং সব শর্ত পূরণ সাপেক্ষে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





