বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহের এমপিও বাস্তবায়ন এবং শূন্য পদে চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত অনুদানবিহীন শিক্ষক/শিক্ষিকাদের অনুদান দ্রুত ছাড়ের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের মহাসচিব মোঃ শামছুল আলম, অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা বশিরউল্লাহ আতাহারী, মুখপাত্র মোঃ রাকিবুল ইসলামসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক শূন্য পদে নিয়োগপ্রাপ্ত অনুদানবিহীন শিক্ষক/শিক্ষিকাদের অনুদান ছাড়ের চূড়ান্ত অনুমোদন থাকলেও প্রায় ১০ মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অনুদান ছাড় করা হয়নি। এতে প্রায় ১,৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থেকেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুনঃ- প্রাথমিকের আওতায় আসছে ইবতেদায়ি মাদ্রাসা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
তারা আরও বলেন, ১৯৭৮ সালের অধ্যাদেশের ১৭(২) ধারার মাধ্যমে আলিয়া মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর অনুমোদন দেওয়া হয় এবং ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদান করে। পরবর্তীতে ১৯৯৪ সালে সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ভাতা চালু করে এবং ২০০১ সালে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক ও উপবৃত্তি চালু করা হয়।
কিন্তু ২০১৩ সালে বিপুল সংখ্যক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণ বা এমপিওভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। ফলে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা দ্রুত এমপিও বাস্তবায়ন এবং জানুয়ারি ২০২৬ থেকে মে ২০২৬ পর্যন্ত অনুদান অবিলম্বে ছাড়ের জোর দাবি জানান। একইসঙ্গে পূর্বে ঘোষিত জাতীয়করণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
কর্মসূচি ঘোষণা:
আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২১ মে ২০২৬ তারিখ জাতীয় প্রেসক্লাবের সামনে সকল শিক্ষককে নিয়ে মানববন্ধন, লাগাতার অবস্থান কর্মসূচি এবং ঈদ উৎসব বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।







