শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, করোনাকালে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে সেটি পুনরুদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে এবং এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “করোনার সময় শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছিলো, সেটা ফেরানোর চেষ্টা চলছে। এতে আতঙ্কের কিছু নেই। আনন্দমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
আরও পড়ুন;- মাদ্রাসা শিক্ষার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সচিবালয়ে সভা
তিনি আরও জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার পরীক্ষাকে ঘিরে নকল প্রতিরোধ, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষামন্ত্রীর এ বক্তব্যে পরীক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং পরীক্ষাকে ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা অনেকটাই কমবে।








