বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসের মতো দেশে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করার কথা থাকলেও, এবার তা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এপ্রিল মাসজুড়ে দেশে বর্তমান দামেই জ্বালানি তেল বিক্রি হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সার্বিক বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুসারে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
👉আরো পড়ুন:-হরমুজ প্রণালি সংকটে ঝুঁকিতে ৫৮০ রপ্তানি প্রতিষ্ঠান, মধ্যপ্রাচ্যে রপ্তানি প্রায় বন্ধ
বর্তমান নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় বিক্রি হবে। এই মূল্যহার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারণ করা হয়েছে এবং পুরো এপ্রিল মাসজুড়ে কার্যকর থাকবে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারে অস্থিরতার মধ্যেও জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখার সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। কারণ, তেলের দাম বৃদ্ধি পেলে পরিবহন খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও প্রভাব পড়ে।
বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে দাম না বাড়ানো সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সরকার বর্তমানে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে থাকে। তবে চলমান পরিস্থিতি বিবেচনায় এপ্রিল মাসে তা অপরিবর্তিত রাখা হয়েছে।






