অনলাইন-অফলাইন মিলিয়ে ক্লাস চালুর পরিকল্পনা, যা জানালেন শিক্ষামন্ত্রী

অনলাইন-অফলাইন মিলিয়ে ক্লাস চালুর পরিকল্পনা, যা জানালেন শিক্ষামন্ত্রী

রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন সমন্বয়ে (হাইব্রিড) ক্লাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৮ এপ্রিল) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ বিবেচনায় শিক্ষা ব্যবস্থায় নতুন পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন। তাই রাজধানীর কিছু সক্ষম শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই হাইব্রিড পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, সব স্কুলে একযোগে নয়, বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে, সেসব স্কুলে পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করা হবে।

মন্ত্রী জানান, প্রস্তাবিত পদ্ধতিতে সপ্তাহের কিছুদিন অনলাইন এবং কিছুদিন অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের উপস্থিতির চাপ কমবে, যানজট ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় হবে এবং নিয়মিত পাঠক্রমও বজায় থাকবে।

আরো পড়ুন:- ইবতেদায়ী মাদরাসা সরকারি করণ হবে কি? সংসদে শিক্ষামন্ত্রীর বক্তব্য

তিনি বলেন, বিশ্বে নানা সংকট নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তাই বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে স্থির না রেখে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে।

ভবিষ্যতের শিক্ষা হবে প্রযুক্তিনির্ভর এবং অনেকাংশে পেপারলেস—এমন মন্তব্য করে তিনি বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদেরও এই পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে।

সেমিনারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।

এছাড়া অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment