চলতি বছরের এসএসসি পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৩৯৮ জন।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) আন্তঃশিক্ষাবোর্ডের একটি পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বছর মোট কেন্দ্র রয়েছে ২ হাজার ৪৯০টি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১৮ হাজার ৪৭৯টি।
পরিসংখ্যান অনুযায়ী, এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯৩৯ জন এবং ছাত্রী ১ লাখ ৯৬ হাজার ৭১১ জন। ঢাকা বোর্ডে মোট কেন্দ্র ৫১০টি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৩ হাজার ৪৪১টি।
অন্যদিকে, সবচেয়ে কম পরীক্ষার্থী রয়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। এখানে মোট ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এ বোর্ডে কেন্দ্র রয়েছে ২১৬টি এবং প্রতিষ্ঠান ১ হাজার ৫১৫টি।
আরও পড়ুন;- মাদ্রাসা শিক্ষার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সচিবালয়ে সভা
এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোর বোর্ডে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন এবং চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।
সিলেট বোর্ডে ৮৯ হাজার ৪২১ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এবারও ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি হওয়ায় শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ার ইতিবাচক ধারাবাহিকতা বজায় রয়েছে।








