এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য আইনজীবী মো. সেলিম ভূইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ফেসবুকে লাইভ করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সংসদ সদস্য সেলিম ভূইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করে একাধিক পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। লাইভ ভিডিওতে তাকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্ন করতে ও নির্দেশনা দিতে দেখা যায়। প্রায় ৮ মিনিট ৫৭ সেকেন্ড সময় তিনি লাইভে ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল রাজধানীতে আয়োজিত এক সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্পষ্টভাবে নির্দেশ দেন, পরীক্ষার কেন্দ্রে কোনো জনপ্রতিনিধি প্রবেশ করতে পারবেন না। এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্র ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় বহিরাগতদের প্রবেশ সীমিত রাখা হয়।
এই নির্দেশনার পরও একজন সংসদ সদস্যের কেন্দ্রের ভেতরে প্রবেশ এবং সেখান থেকে লাইভ করা নিয়ে স্থানীয়ভাবে সমালোচনা দেখা দিয়েছে।
আরও পড়ুন;- করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষা ফেরানো হচ্ছে, আতঙ্ক নেই: শিক্ষামন্ত্রী
সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি আলমগীর খান বলেন, “পরীক্ষার হলে জনপ্রতিনিধির উপস্থিতি শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। মন্ত্রীর নির্দেশনা অমান্য করা অপ্রত্যাশিত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, “আমি জানতে পেরে এমপি মহোদয়ের সঙ্গে দেখা করি। এরপর আমার দায়িত্বের কাজে ব্যস্ত হয়ে পড়ি। পরে কী হয়েছে, তা আমার জানা নেই।”
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মো. সেলিম ভূইয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল আলম বলেন, “মন্ত্রী মহোদয়ের স্পষ্ট নির্দেশনা রয়েছে—কোনো জনপ্রতিনিধি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”








