চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই সারাদেশে ৬ জন পরীক্ষার্থী ও ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষাবোর্ডে ২ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডে ৪ জন রয়েছেন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককে দায়িত্বে অবহেলার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
এদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৮৯০ জন, যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ০৫ শতাংশ।
সাধারণ বোর্ডে ঢাকা ও দিনাজপুর শিক্ষা বোর্ডে একজন করে মোট দুইজন পরীক্ষার্থী বহিষ্কার হন।
অন্যদিকে, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলের কুরআন মাজিদ ও তাজভীদ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ পরীক্ষায় মোট ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জনের মধ্যে অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিতির হার ছিল ৪ দশমিক ৪০ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার বাংলা-২ বিষয়ের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কার না হলেও ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রথম দিন থেকেই কঠোর নজরদারির কারণে অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।








