এসএসসি পরীক্ষা ২০২৬ ঘিরে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রশ্নফাঁসের প্রচারণাটি সম্পূর্ণ গুজব এবং এটি ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য ভিত্তিহীন তথ্য প্রচার করছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ তৈরি করছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পক্ষ থেকে প্রশ্নফাঁস নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা কোনো ধরনের ফ্যাক্টচেক ছাড়াই প্রচার করা হয়েছে এবং সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাগান্ডার শামিল।
মন্ত্রী এই ধরনের বক্তব্যকে নিন্দনীয় ও হতাশাজনক উল্লেখ করে বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের উচিত যাচাই-বাছাই ছাড়া কোনো সংবেদনশীল বিষয়ে মন্তব্য না করা।
আরও পড়ুন:- প্রশ্নফাঁসের প্রচারণা সম্পূর্ণ গুজব: শিক্ষামন্ত্রী
এদিকে এনসিপির পক্ষ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এসএসসি পরীক্ষার প্রশ্ন অনলাইনে ফাঁস হয়েছে এবং এ বিষয়ে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
তবে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এ ধরনের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এবং বিষয়টি ইতোমধ্যে যাচাই করে গুজব হিসেবে নিশ্চিত করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীও জানিয়েছে, প্রশ্নফাঁসের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার একটি চক্র সক্রিয় রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট ইতোমধ্যে এ ধরনের অভিযোগে কয়েকজনকে আটক করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রশ্নফাঁসের মতো সংবেদনশীল বিষয় নিয়ে গুজব ছড়ানো হলে তা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে।
এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় সবাইকে গুজবে কান না দিয়ে নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে।
🧾 তথ্যসূত্র: দৈনিক শিক্ষাডটকম ও সংশ্লিষ্ট প্রেস বিজ্ঞপ্তি







