নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু বলেছেন দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। দেশকে আরো এগিয়ে নিতে সাংবাদিকদের কর্তব্য, দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে।
সোমবার সন্ধ্যায় নওগাঁর আত্রাই প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আর সাংবাদিকতা পেশায় যেমন ঝুঁকি রয়েছে, তেমন রয়েছে সম্মান ও রোমাঞ্চ। তাই অপসাংবাদিকতাকে পরিহার করে দেশ, মা ও মাটির সন্তানদের জন্য দায়বদ্ধতা নিয়ে কাজ করে যেতে হবে সাংবাদিকদের। সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে-এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকেরা আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, ভুল-ত্রুটি তুলে ধরবেন। এমন সমালোচনাই প্রত্যাশিত, যা সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিগত দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যতদিন তাঁকে এ দায়িত্বে রাখবেন- ততদিন সততা, নিষ্ঠা ও ঈমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আত্রাই প্রেসক্লাবের নব গটিত কমিটির আহ্বায়ক আল আমিন মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল হক নাহিদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সহ সভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, যুব দলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম, আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার সরদার, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, থানার ওসি আব্দুল করিম সহআত্রাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ।
এ সময় অতিথিদেরকে আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল ও প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরিশেষে প্রধান অতিথি আত্রাই প্রেসক্লাবকে সমসাময়িক বিষয় নিয়ে খবর প্রকাশে গুরুত্ব আরোপ করেন। এবং আত্রাইয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, আত্রাই প্রেসক্লাবের পথ চলা দীর্ঘ দিনের। আত্রাইয়ে এটি পুরোনো প্রতিষ্ঠান। মিডিয়া জগতে যারা কাজ করে তারা সমাজের আয়না স্বরূপ। আমি আত্রাই প্রেসক্লাবের সার্বিক উন্নতি কামনা করছি।






