২২ দিনের ব্যবধানে আবারও বগুড়ায় চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সফর

২২ দিনের ব্যবধানে আবারও বগুড়ায় চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সফর

মাত্র ২২ দিনের ব্যবধানে আবারও একদিনে চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সরকারি সফরকে ঘিরে বগুড়াজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার সরকারি সফরে বগুড়ায় আসছেন। একই দিনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও একটি গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নিতে বগুড়া সফর করবেন।

সরকারি সূত্র জানিয়েছে, সফররত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বগুড়ার দীর্ঘ প্রতীক্ষিত বিমানবন্দর দ্রুত চালুর সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করবেন। বিমানবন্দর চালুর বিষয়ে সম্ভাব্য করণীয় নির্ধারণ এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত বিষয়গুলো পর্যালোচনা করা হবে। পাশাপাশি বগুড়ায় একটি ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ও বিমান প্রশিক্ষণ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এদিকে একই দিন সকাল ৯টায় বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বগুড়ার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই এবং সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের জন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সফরে আসছেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রী আরডিএ মিলনায়তনে পাঠ্যপুস্তক বিষয়ক কর্মশালায় অংশ নেবেন।

সংশ্লিষ্ট মহলের মতে, অল্প সময়ের ব্যবধানে বারবার একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রীর বগুড়া সফর জেলার উন্নয়ন সম্ভাবনাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে বিমানবন্দর চালু ও ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনা বাস্তবায়িত হলে বগুড়ার অর্থনীতি, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

এর আগে চলতি বছরের ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনের ব্যবধানে সরকারের চার গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়া সফর করেন। তারা হলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। পাশাপাশি শিক্ষা ও অবকাঠামো উন্নয়নেও সরকারের উচ্চপর্যায়ের আগ্রহ বগুড়াবাসীর মধ্যে আশাবাদ তৈরি করেছে।

তথ্যসূত্র: মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের প্রেস সেক্রেটারী

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment