খুলনায় স্মারকলিপি, ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি জোরালো

খুলনায় স্মারকলিপি, ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি জোরালো

খুলনা জেলার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য আমীর এজাজ খান(খুলনা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য)এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ-এর বিভাগীয় কমিটির উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত হলেও দেশের অধিকাংশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এখনো এমপিওভুক্ত নয়। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও অন্যান্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে শিক্ষক ও শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এছাড়া স্মারকলিপিতে বলা হয়, ২০২৫ সালের ২৮ জানুয়ারি সরকারের নির্দেশনায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও এখনো তার বাস্তবায়ন হয়নি। দ্রুত এ ঘোষণা কার্যকর করার দাবি জানানো হয়েছে।

আরো পড়ুন:- স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ১২ সংগঠনের ঐক্য: ওয়ার্কিং কমিটির শপথ ১২ এপ্রিল

স্মারকলিপিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার মধ্যে বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়। যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তুলনামূলক বেশি বেতন-ভাতা পাচ্ছেন, সেখানে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা অনেক কম বেতনে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে শিক্ষার্থীদের উপবৃত্তি সুবিধাতেও রয়েছে বৈষম্য।

দাবিসমূহের মধ্যে রয়েছে—যাচাই-বাছাইকৃত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশ, অনুদানবিহীন মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করার জন্য দ্রুত বিজ্ঞপ্তি জারি এবং সকল শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালু করা।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ, মোঃ রাশেদুজ্জামান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মোঃ নাছির উদ্দিন, নাহিদ মারুফ ও মোহাম্মদ আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো দেশের প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। দ্রুত এসব প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তারা আরও বলেন, সরকার যদি দ্রুত জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়ন করে, তাহলে শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষক-শিক্ষার্থীদের জীবনমান উন্নত হবে।

স্মারকলিপি প্রদান শেষে সংসদ সদস্য বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment