২০২৫ সালের নীতিমালা অনুযায়ী বাছাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর এমপিও বাস্তবায়ন এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত শূন্য পদে বিল অনুমোদনের দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছে হঠাৎ গজে ওঠা সংগঠন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটি।
সংগঠনটির ব্যানারে আগামী ১২ মে (মঙ্গলবার ) সকাল ১০টায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। একইসঙ্গে মাননীয় শিক্ষাসচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
আরও পড়ুনঃ- মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কর্মশালা, ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি
প্রচারিত ব্যানারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা নানা বৈষম্যের শিকার হয়ে আসছেন। বিশেষ করে অনুদানভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা নিয়মিত বেতন-ভাতা ও এমপিও সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় দ্রুত এমপিও বাস্তবায়ন ও শূন্য পদে বিল অনুমোদনের দাবিতে তারা মাঠে নামছেন।
শিক্ষক নেতারা বলছেন, দেশের প্রাথমিক ধর্মীয় শিক্ষার একটি বড় অংশ পরিচালিত হয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর মাধ্যমে। গ্রামীণ পর্যায়ে হাজার হাজার শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও শিক্ষকরা এখনও পূর্ণ সরকারি সুবিধার বাইরে রয়েছেন। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষক সংকটও বাড়ছে।
তাদের দাবি, ২০২৫ সালের নীতিমালার আলোকে অনুদানভুক্ত যেসব প্রতিষ্ঠান এমপিওর জন্য যোগ্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দ্রুত এমপিওভুক্ত করতে হবে। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত শূন্য পদগুলোতে বিল অনুমোদন দিয়ে শিক্ষক সংকট নিরসনের উদ্যোগ নিতে হবে।
সংগঠনের নেতারা আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান ও দাবি উত্থাপন করা হলেও কার্যকর অগ্রগতি হয়নি। তাই এবার তারা শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে নিজেদের দাবি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দিতে চান।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর সমস্যার স্থায়ী সমাধান না হলে দেশের প্রাথমিক ধর্মীয় শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিক্ষকরা আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগলে শিক্ষার মান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও মানববন্ধনের পোস্টার ছড়িয়ে পড়েছে। সেখানে শিক্ষক ও সংশ্লিষ্টদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটির প্রচারিত ব্যানার ও সংশ্লিষ্ট সূত্র।







