স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক সংগঠনগুলোর মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। এ বিষয়ে গঠিত ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।
সম্প্রতি ঘোষিত কর্মসূচির মধ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। তবে এই কর্মসূচি বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ভিন্ন ভিন্ন মতামত ব্যক্ত করেছেন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি কাজী মোখলেসুর রহমান বলেন, “যেহেতু কর্মসূচি পূর্বেই ঘোষণা করা হয়েছে, সেহেতু তা পালনে কোনো বাধা নেই।”
আরো পড়ুন:- কমলাপুরে ১২ সংগঠনের সমন্বয়ে ওয়ার্কিং কমিটি গঠন, ৭ সংগঠনের ১১ নেতা শপথ গ্রহণ
এ বিষয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্মানিত মহাসচিব জনাব শামসুল আলম বলেন, “আন্দোলন বাস্তবায়ন কমিটি এখনো ওয়ার্কিং কমিটির শপথ গ্রহণ করেনি। তাই তাদের ঘোষিত কর্মসূচি পালনে কোনো বাধা নেই।”
অন্যদিকে, স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব মোঃ রেজাউল হক বলেন, “মানববন্ধন কর্মসূচি পূর্বেই ঘোষণা করা হয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার সাক্ষাতের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। তাই সংগঠনগুলো সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করবে।”
একই বিষয়ে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি হাফেজ আহমেদ আলী বলেন, “মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে দাবিদাওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। সুতরাং কর্মসূচি পালনে কোনো বাধা নেই।”
তবে ভিন্নমত প্রকাশ করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মোঃ তাজুল ইসলাম ফরাজী। তিনি বলেন, “আমি স্পিকারের মাধ্যমে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা করছি। এই অবস্থায় মানববন্ধন কর্মসূচি পালিত হলে বিষয়টি সাংঘর্ষিক হতে পারে। তাই আমি কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।”
এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়ার্কিং কমিটি গঠিত হলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে কর্মসূচি বাস্তবায়ন নিয়ে সংগঠনগুলোর মধ্যে সমন্বয়হীনতা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ অবস্থান গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন সংগঠনের মধ্যে মতপার্থক্য দূর করে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণই আন্দোলনকে সফল করতে পারে।






