দেশের সব কওমি মাদরাসাসহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল করতে একটি অ্যাপস চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে, যা চলতি মাসের শেষ নাগাদ চালু হতে পারে।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, নতুন এই অ্যাপসের মাধ্যমে কিন্ডারগার্টেন, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, স্বতন্ত্র ইবতেদায়ী, উচ্চ মাদরাসার পাশের ইবতেদায়ী, কওমি মাদরাসা এবং অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধনের আওতায় আনা হবে।
আরও পড়ুন;- ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন সাতক্ষীরা জেলা কমিটির স্মারকলিপি প্রদান; জাতীয়করণের দাবি
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, “আমাদের অ্যাপস ছাড়ার প্রক্রিয়া প্রায় শেষ। এক থেকে দুই সপ্তাহের মধ্যে এটি চালু করা সম্ভব হবে। তবে নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। সামান্য কিছু কাজ বাকি রয়েছে, বিশেষ করে অ্যাপসে কোনো ত্রুটি আছে কি না তা যাচাই করা হচ্ছে।”
তারা আরও জানান, অ্যাপস চালুর বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের চিঠির মাধ্যমে জানানো হবে। বর্তমানে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বৃত্তি পরীক্ষার কাজে ব্যস্ত থাকায় অ্যাপসটি যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে।
কর্মকর্তারা বলেন, “যারা ডিএসআই কার্যক্রম পরিচালনা করেন, তারা অ্যাপসটি নিয়ে এসে আমাদের সামনে প্রদর্শন করবেন। এরপর কোনো ত্রুটি না থাকলে সেটি অনুমোদন দিয়ে মাঠ পর্যায়ে চালু করা হবে।” ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায় থেকে অ্যাপসটির অনুমোদন পাওয়া গেছে এবং সোনালী ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় চুক্তিও সম্পন্ন হয়েছে।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, কওমি মাদরাসাসহ কিছু প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। অনেক প্রতিষ্ঠান তথ্য দিতে অনাগ্রহী কিংবা তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে নির্ধারিত সময়সীমার পরেও তথ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কর্মকর্তারা আরও জানান, নতুন অ্যাপস চালুর পর নিবন্ধনের সব কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ঘরে বসেই নিবন্ধন করতে পারবেন, এজন্য আর শিক্ষা অফিসে যেতে হবে না।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইংলিশ মিডিয়াম স্কুলসহ বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানকে নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়ার কথা জানান। এর পর থেকেই এই কার্যক্রমে গতি আসে।








