শিক্ষকদের উদ্দেশে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী Dr. A N M Ehsanul Haque Milon বলেছেন, “আপনাদের মাইক্রোফোন দিলেই শুরু হয় দাবি-দাওয়ার কথা। যেখানেই যাই, শুধু দাবি-দাওয়া আর হৈচৈ শুনি।”
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বগুড়ার একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বগুড়ার হোটেল মমো ইন-এ আয়োজিত এ সভায় জেলার স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানরা অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমি শিক্ষকদের সব বিষয় জানি। এনটিআরসিএ-সহ অনেক বিষয়ই আমার উদ্যোগে করা হয়েছে। কিন্তু যখনই কোনো সভায় যাই, তখন শুধু দাবি-দাওয়া শুনি, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা খুব কম হয়।”
আরও পড়ুন ;- কওমি মাদরাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধনের আওতায়, চলতি মাসেই আসছে অ্যাপস
তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, শিক্ষকদের আর জলকামান খেতে হবে না। কিন্তু বারবার আন্দোলন ও দাবি-দাওয়ার কারণে সেই পরিস্থিতি তৈরি হয়।”
ইন-হাউজ কোচিং প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “আপনারা ইন-হাউজ কোচিং দিতে পারেন। শিক্ষার্থীরা যে টাকা দিচ্ছে, তা নিজেদের মধ্যে সমন্বয় করে নিতে পারেন। তবে বাইরে কোচিং দেওয়া যাবে না।”
তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষাকে মানসম্মত করা। “যদি আমরা কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের সবাইকে এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে,”—যোগ করেন তিনি।
সভায় উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং বিভিন্ন চলমান সমস্যা নিয়ে আলোচনা করা হয়।







