সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল) অধিদপ্তরের ওয়েবসাইটে এ পরিকল্পনা প্রকাশ করা হয়।
অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মাদ আরিফুর রহমান মজুমদারের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে।
প্রকাশিত কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—
১) লার্নিং উইথ হ্যাপিনেস (আনন্দময় শিক্ষা),
২) স্বাস্থ্যে ও খাদ্যে অগ্রাধিকার,
৩) ফ্রি ওয়াই-ফাই চালু,
৪) ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন।
আরও পড়ুন;- “কওমি শিক্ষার্থীদের ইকুইভ্যালেন্ট ডিগ্রি নেই, তাই নিয়োগ দেওয়া যাচ্ছে না”—শিক্ষামন্ত্রী
নোটিশে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণয়নকৃত এ কর্মপরিকল্পনার কার্যক্রম বাস্তবায়ন শেষে তার প্রতিবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। এজন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা (planning.madrasah@gmail.com) ব্যবহার করতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মাদ্রাসা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উন্নয়ন এবং পরিবেশ সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে।





