নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি ডাকাতি নয়, বরং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি বলে মনে হচ্ছে না। নিহত গৃহবধূর কানে গহনা অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি পারিবারিক বা জমিজমা সংক্রান্ত বিরোধের ফল।”
এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন—নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা ও হালিমা এবং ভাগনে সবুজ রানা (২৫)।
এর আগে সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন;- এনসিপিতে যোগে উন্মুক্ত দরজা, তবে বিতর্কিতদের নিষেধ: নাহিদ ইসলাম
নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ফজরের নামাজের পর প্রতিবেশীরা দরজা খোলা দেখে ভেতরে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আগেও হুমকির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, তার মেয়ের ননদ শিরিনা ও তার ছেলে সবুজ রানা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে বিভিন্ন ইউনিট একযোগে কাজ করছে এবং দ্রুত তদন্তের অগ্রগতি জানানো হবে।









