এনসিপিতে যোগে উন্মুক্ত দরজা, তবে বিতর্কিতদের নিষেধ: নাহিদ ইসলাম

এনসিপিতে যোগে উন্মুক্ত দরজা, তবে বিতর্কিতদের নিষেধ: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কোনো ব্যক্তি ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও সেটি এনসিপিতে যোগদানের ক্ষেত্রে বাধা নয়। তবে ফ্যাসিবাদ, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত কেউ দলটিতে জায়গা পাবে না।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৫ জনের বেশি নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, শাহরিজ সুলতানা ইরা, আয়মান রাহাত, শাহাদাত হোসেন, হাসান তানভীরসহ আরও অনেকে।

নাহিদ ইসলাম বলেন, “আজ থেকে কেউ এনসিপিতে যোগ দিলে তিনি এনসিপির সংগঠক হিসেবে কাজ করবেন এবং দলের আদর্শ ধারণ করবেন।”

তিনি আরও বলেন, “ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যার সঙ্গে জড়িত বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ এনসিপিতে আসতে পারবে না।”

আরও পড়ুন;-এলপিজির দাম বেড়ে ১,৯৪০ টাকা, এক মাসে দুইবার বৃদ্ধি

এ সময় তিনি দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এনসিপি সংস্কারের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাবে।

তিনি আরও উল্লেখ করেন, নতুন কোনো স্বৈরতন্ত্র যেন দেশে প্রতিষ্ঠিত না হয়, সে জন্য তরুণদের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।

অন্যদিকে, এনসিপিতে যোগ দেওয়া আপ বাংলাদেশের সাবেক আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা বাস্তবায়নের লক্ষ্যেই তারা এনসিপিতে যোগ দিয়েছেন।

তিনি বলেন, “আমরা একটি জনবান্ধব রাষ্ট্র গড়তে চাই। বর্তমান প্রেক্ষাপটে সংস্কার নিয়ে মানুষের মধ্যে যে হতাশা রয়েছে, তা কাটিয়ে উঠতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।”

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment