দেশের বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া আরও ৩ হাজার ৭৩৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফলে দীর্ঘদিন ধরে বেতন-ভাতা সংক্রান্ত অনিশ্চয়তায় থাকা শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
মাউশির মার্চ মাসের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাউশির আঞ্চলিক পরিচালকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ- শিক্ষামন্ত্রীর সঙ্গে জামায়াতের শিক্ষা নেতাদের বৈঠক, ২০ দফা দাবিনামা হস্তান্তর
সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৩,৭৩৬ জনের মধ্যে স্কুল পর্যায়ে ২,৮২১ জন এবং কলেজ পর্যায়ে ৯১৫ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। এছাড়া ৬৫৬ জন শিক্ষককে বিএড স্কেল এবং ২,০০১ জনকে উচ্চতর স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অঞ্চলভিত্তিক হিসেবে দেখা যায়, স্কুল পর্যায়ে সবচেয়ে বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন রংপুর অঞ্চলে—১,৩৮৩ জন। এরপর রাজশাহী অঞ্চলে ৪৬৩, খুলনায় ৩৯৯, ঢাকায় ৩৬৭, চট্টগ্রামে ২৯৭, বরিশালে ২৮২, ময়মনসিংহে ২৮০, কুমিল্লায় ২৪০ এবং সিলেটে ১১০ জন রয়েছেন।
কলেজ পর্যায়ে রংপুর অঞ্চলে ২২৯ জন, রাজশাহীতে ১৬৯, খুলনায় ১৫১, ঢাকায় ৯১, কুমিল্লায় ৭২, বরিশালে ৬৮, ময়মনসিংহে ৬৮, চট্টগ্রামে ৩৬ এবং সিলেটে ৩১ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এমপিওভুক্ত হওয়া মানেই সরকারি বেতন-ভাতার আওতায় আসা, যা শিক্ষক-কর্মচারীদের জন্য বড় ধরনের স্বীকৃতি। এতে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
তথ্যসূত্র: দৈনিক শিক্ষাডটকম









