ববি হাজ্জাজের ‘দ্য লার্নিং নেশন’ আজ উন্মোচন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

ববি হাজ্জাজের ‘দ্য লার্নিং নেশন’ বই উন্মোচন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপির গবেষণাভিত্তিক গ্রন্থ ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’ আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে রচিত এই বইটিকে ইতোমধ্যে নীতিনির্ধারণী মহলে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

আজ সোমবার (৪ মে ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা ৬টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।

আরও পড়ুনঃ- মাদ্রাসা শিক্ষায় বৈষম্য দূর করতে দ্রুত পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের

অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বরেণ্য শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের শুরুতেই একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হবে, যেখানে বইটির প্রেক্ষাপট ও গবেষণার মূল দিকগুলো তুলে ধরা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হবে।

পরবর্তী পর্বে অনুষ্ঠিত হবে একটি আলোচনা সভা, যেখানে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবীরা অংশ নেবেন। আলোচনায় বক্তব্য রাখবেন গণস্বাক্ষরতা অভিযান-এর নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান, সাহিত্যিক ও কলামিস্ট আনিসুল হক, বিশ্লেষক আব্দুর নূর তুষার এবং উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ বিশিষ্টজনরা।

গ্রন্থটির লেখক ববি হাজ্জাজ দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা খাত নিয়ে গবেষণা করে আসছেন। তার এই বইয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না, তার কারণ বিশ্লেষণের পাশাপাশি বাস্তবসম্মত সমাধান ও নীতিগত প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘দ্য লার্নিং নেশন’ কেবল একটি বই নয়, বরং এটি একটি নীতিনির্ধারণমুখী চিন্তাধারা, যা শিক্ষা সংস্কারের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

এদিকে, অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছে, এই বইয়ের আলোচ্য বিষয়গুলো বাস্তবায়ন করা গেলে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানের পথ উন্মুক্ত হবে।

সর্বশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ প্রকাশনা উৎসবের সমাপ্তি ঘটবে।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment