রাজধানীতে আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জলসিঁড়ি আবাসন প্রকল্প’ সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ এবং অস্ট্রেলিয়ার University of Canberra-এর একটি প্রতিনিধিদল মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে শিক্ষা খাতের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলা এবং শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে ‘জলসিঁড়ি আবাসন প্রকল্প’-এর মাধ্যমে শিক্ষা সংশ্লিষ্ট অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুনঃ- ববি হাজ্জাজের ‘দ্য লার্নিং নেশন’ আজ উন্মোচন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
এদিকে University of Canberra-এর প্রতিনিধিদল বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সম্ভাব্য যৌথ উদ্যোগ, গবেষণা সহযোগিতা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থী বিনিময় কর্মসূচি নিয়ে আগ্রহ প্রকাশ করে। তারা বাংলাদেশের সঙ্গে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। তিনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “গবেষণা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষাকে আরও বাস্তবমুখী করতে হবে।”
তিনি আরও জানান, দেশের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে কার্যকর সহযোগিতার পথ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ ধরনের সংযোগ বাংলাদেশের শিক্ষা খাতকে নতুন মাত্রা দিতে পারে। এতে শিক্ষার্থীরা বৈশ্বিক জ্ঞান ও দক্ষতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে এবং দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে আরও বিস্তৃত সহযোগিতা এবং যৌথ কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।






