দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার সক্ষমতা সম্প্রসারণ (Capacity Enhancement of Satontra Ebteday Madrasah)’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশজুড়ে এসব মাদরাসার জন্য বহুবিধ অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
আরও পড়ুনঃ- স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীরা বাদ পড়েছে প্রাথমিক বিদ্যালয়ের ড্রেস,জুতাও ব্যাগ থেকে
প্রকল্পের মাধ্যমে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর উচ্চ কার্যক্ষমতা নিশ্চিত করা, শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচিত মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক, পানি সরবরাহসহ একাধিক নতুন ভবন নির্মাণ করা হবে।
প্রকল্পের আওতায় মূলত নিম্নলিখিত কাজগুলো করা হবে:
- স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর ভবন নির্মাণ।
- শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য বিদ্যুৎ, পানি ও অন্যান্য সুবিধাসহ সমন্বিত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা।
- পাঠাগার, সমাপনী, প্রাথমিক শিক্ষা ভবন ও মাঠ তৈরি ও সংস্কার।
- খেলাধুলার জন্য মাঠ, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ অন্যান্য কার্যক্রম।
- অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন।
প্রকল্পের প্রত্যাশিত ফলাফল সম্পর্কে শিক্ষা কর্মকর্তারা জানান, মাদরাসা শিক্ষার্থীরা উন্নত মানের শিক্ষার সুযোগ পাবে। পাশাপাশি শিক্ষকদের সঙ্গে আধুনিক কর্মক্ষেত্র ও প্রযুক্তি ব্যবহার নিশ্চিত হবে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে আধুনিক শিক্ষার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
প্রকল্পের মেয়াদ মার্চ ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং বাজেট ধরা হয়েছে ৬৪২ কোটি ২৬ লাখ ৬৫ হাজার টাকা।
সরকারি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ইবতেদায়ি মাদরাসার শিক্ষার মান ও সক্ষমতা যুগোপযোগী ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নত হবে।







