কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৫ এপ্রিল) পাবনা জেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, প্ল্যাকার্ড ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার চিত্র তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক শিক্ষার সমমানের স্বীকৃতি পেলেও বাস্তবে প্রাথমিক বিদ্যালয়ের মতো সুযোগ-সুবিধা পাচ্ছে না। শিক্ষকরা নিয়মিত বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন এবং শিক্ষার্থীরাও প্রয়োজনীয় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
আরও পড়ুন ;- সিরাজগঞ্জে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
তারা আরও জানান, দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ১২টি শিক্ষক সংগঠন একত্রিত হয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে। এই কমিটির মাধ্যমে ভবিষ্যতে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে আন্দোলন পরিচালনা করা হবে।
শিক্ষক নেতারা তাদের প্রধান দুটি দাবি তুলে ধরেন—
১) সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করা,
২) এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী সকল মাদ্রাসাকে এমপিওভুক্ত করা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করা হয়।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।






