স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজশাহীতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা।
বুধবার (১৫ এপ্রিল) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক শিক্ষার সমমানের স্বীকৃতি পেলেও বাস্তবে তারা প্রাথমিক বিদ্যালয়ের মতো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষকরা নিয়মিত বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এতে আরও বলা হয়, ২০১৩ সালে সরকার বিপুল সংখ্যক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো সেই প্রক্রিয়ার বাইরে থেকে যায়। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এখনো আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আরও পড়ুন;- চাঁপাইনবাবগঞ্জে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান
শিক্ষক নেতারা আরও বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি থাকা সত্ত্বেও এখনো কোনো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হয়নি, যা শিক্ষার মানোন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তারা দ্রুত সময়ের মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ এবং এমপিওভুক্ত করার দাবি জানান।
শেষে তারা আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং প্রধানমন্ত্রীর উদ্যোগে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হবে।





