পাবলিক পরীক্ষায় বহুল আলোচিত ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এ কথা বলেন।
সভায় শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানান, ভবিষ্যতের পাবলিক পরীক্ষাগুলোতে ‘সাইলেন্ট এক্সপেল’ নামে কোনো পদ্ধতি আর থাকবে না। পরীক্ষার হলে কোনো অনিয়ম ধরা পড়লে তা গোপনে না রেখে তাৎক্ষণিকভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন ;- ইবতেদায়ী মাদ্রাসা সমস্যা সমাধানে শিগগিরই বৈঠক: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখা জরুরি হলেও শিক্ষার্থীদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। গোপনে বহিষ্কারের মতো পদ্ধতি শিক্ষার্থীদের জন্য বিভ্রান্তিকর ও অন্যায্য হতে পারে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এতদিন ‘সাইলেন্ট এক্সপেল’ পদ্ধতিতে কোনো পরীক্ষার্থীকে সরাসরি বহিষ্কার না করে তার খাতা গোপনে রিপোর্ট করে বোর্ডে পাঠানো হতো। পরে বোর্ড ফলাফল বাতিল করত। ফলে অনেক শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে বুঝতে পারতেন না যে তারা বহিষ্কৃত হয়েছেন।
শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশনায় এ ধরনের গোপন প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোতে পাঠানো হবে।
শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছে, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পরীক্ষায় স্বচ্ছতা বাড়বে এবং শিক্ষার্থীদের প্রতি ন্যায়সংগত আচরণ নিশ্চিত হবে।








