কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫ এপ্রিল সারাদেশের ৬৪ জেলায় একযোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।
এই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষক নেতৃবৃন্দ সাধারণ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা দ্রুত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও ওয়ার্কিং কমিটির সদস্য কাজী মোখলেসুর রহমান বলেন, “৪২ বছর ধরে বিনা বেতনে চাকরি করতে করতে শিক্ষকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের উচিত দ্রুত সমস্যার সমাধান করা।”
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের মহাসচিব শামসুল আলম বলেন, “এই দেশে হাজারো শিক্ষক বিনা বেতনে মৃত্যুবরণ করেছেন এবং অবসর গ্রহণ করেছেন, কিন্তু তাদের বেতনের কোনো ব্যবস্থা করা হয়নি। সরকারকে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এদিকে, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী বলেন, “আজ আমরা ৬৪ জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি তুলে ধরেছি। যদি এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আমরা শিগগিরই মাঠে নামবো।”
সংগঠনটির মহাসচিব মোঃ রেজাউল হক বলেন, “সরকার আমাদের আশ্বস্ত করেছে যে শিগগিরই ইবতেদায়ী মাদ্রাসার সমস্যার সমাধান হবে। আমরা সেই আশ্বাসের ভিত্তিতেই স্মারকলিপি প্রদান করেছি। তবে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
আরও পড়ুন ;- ইবতেদায়ী মাদ্রাসা সমস্যা সমাধানে শিগগিরই বৈঠক: শিক্ষামন্ত্রী
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির মহাসচিব মোহাম্মদ আল-আমিন হোসেন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা জাতীয়করণের ঘোষণা পেয়েছিলাম। বর্তমান সরকার সেটি বাস্তবায়ন করে আমাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করবে বলে আমরা আশাবাদী।”
শিক্ষক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়ন হবে।





