সংযুক্ত আরব আমিরাতে দিনের আলোয় নতুন চাঁদ দেখার এক বিরল দৃশ্য ধারণ করা হয়েছে। এই পর্যবেক্ষণের ভিত্তিতে ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখও জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা।
খবরে বলা হয়েছে, শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় এ চাঁদের ছবি ধারণ করা সম্ভব হয়। পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তখন চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল।
বিরল এই মুহূর্তের ছবি ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা। তার সঙ্গে পর্যবেক্ষণে অংশ নেন কেন্দ্রের গবেষক খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ।
নতুন চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ঘিরে প্রস্তুতির সময় গণনা শুরু হয়েছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ২৭ মে (বুধবার)।
সে হিসেবে হজের গুরুত্বপূর্ণ দিন পবিত্র আরাফাত দিবস পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার)।
তবে ইসলামী বিধান অনুযায়ী, জিলহজ মাসের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদুল আজহার তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।
জ্যোতির্বিজ্ঞানীদের বর্তমান হিসাব অনুযায়ী, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণত আরাফাত দিবস ও ঈদ উপলক্ষে চার দিনের সরকারি ছুটি দেওয়া হলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হলে এই ছুটি ৯ দিন পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সে অনুযায়ী ধর্মীয় উৎসব উদযাপন করা হয়।
ঈদুল আজহার আগমনী বার্তা নিয়ে দিনের আলোয় নতুন চাঁদ দেখার এই ঘটনা জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতেও একটি বিরল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।








