এলপিজির দাম বেড়ে ১,৯৪০ টাকা, এক মাসে দুইবার বৃদ্ধি

এলপিজির দাম বেড়ে ১,৯৪০ টাকা, এক মাসে দুইবার বৃদ্ধি

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবার বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য বেড়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা থেকেই এ নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

কমিশন জানায়, একলাফে ২১২ টাকা বাড়িয়ে এ মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি এপ্রিল মাসের শুরুতেই এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে দুই দফায় দাম বাড়ল এলপিজির।

বিইআরসি এক বার্তায় জানায়, জাহাজভাড়া, ট্রেডারের প্রিমিয়াম চার্জ এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন করে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা এর আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

আরও পড়ুন;- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য ১৯ এপ্রিল থেকে কার্যকর

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে সংকট ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এলপিজি আমদানিতে অতিরিক্ত ব্যয় বাড়ছে।

বিইআরসি জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এলপিজিবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বিকল্প উৎস থেকে আমদানি করতে সময় ও ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

নতুন এই মূল্যবৃদ্ধির ফলে ভোক্তা পর্যায়ে গ্যাসের খরচ আরও বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment