বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ এর উপজেলা পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর।
আরও পড়ুন:- মাওলানা আজহারীর ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন, প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান উপাদান।
প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যেও অসংখ্য প্রতিভা লুকিয়ে রয়েছে, যা এই ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে বিকশিত হওয়ার সুযোগ পায়।
তার মতে, এ ধরনের টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে তাদের সামগ্রিক বিকাশ নিশ্চিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।
স্থানীয়রা মনে করছেন, এই আয়োজন শিশুদের খেলাধুলায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
🧾 তথ্যসূত্র: প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারীর পোস্ট










