নরসিংদীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে তিনি প্রথমে নরসিংদীর বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচির আওতায় সরবরাহকৃত খাবারের মান পর্যবেক্ষণ করেন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়ালেখার অবস্থা সরেজমিনে দেখেন।
এ সময় মিড-ডে মিলের খাবারের মান নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, খাবারের মান উন্নত না হলে সংশ্লিষ্ট ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হবে।
পরিদর্শনের সময় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বনরুটিতে সন্দেহজনক গন্ধ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে দুটি নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন:- দেশের প্রতিটি শিশুকে খেলাধুলায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের জন্য সরবরাহকৃত মিড-ডে মিলের খাবারের মান নিশ্চিত করতে সরকার সারা দেশে পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, কিছু ক্ষেত্রে খাবারে ত্রুটি পাওয়া গেছে, তবে এগুলো দ্রুত সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিশুদের আকৃষ্ট করতে এবং তাদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে খাবারের মান উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষাক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় ভেদাভেদ দূর করতে সরকার সমান্তরাল শিক্ষাক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, ইংরেজি ও আন্তর্জাতিক মানের শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাথমিক শিক্ষাক্রম আধুনিকায়নের কাজ চলছে এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে।
এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে ‘এক সুরে বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
🧾 তথ্যসূত্র: প্রতিমন্ত্রীর পরিদর্শন সংক্রান্ত সংবাদ প্রতিবেদন









