স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবির বিষয়ে জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ওয়ার্কিং কমিটির সদস্য। বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিগগিরই সকল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে একটি বৃহৎ আলোচনা সভা আয়োজন করা হবে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় সংসদে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব ও ওয়ার্কিং কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম ফরাজী।
বৈঠকে তাজুল ইসলাম ফরাজীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার ইতিবাচক রয়েছে এবং এ বিষয়ে সকল শিক্ষক সংগঠনের নেতাদের নিয়ে শিগগিরই একটি সমন্বিত বৈঠক করা হবে।
আরও পড়ুন ;- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ
তিনি আরও বলেন, “শিক্ষকদের দাবিদাওয়া ও বাস্তব সমস্যাগুলো সরাসরি শুনে একটি কার্যকর সমাধানের পথ বের করতে চাই।”
এদিকে, শিক্ষক সংগঠনগুলোর নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীর এ আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে একই সঙ্গে নেতৃবৃন্দ জোর দাবি জানান, যাতে দ্রুত সময়ের মধ্যে এ বৈঠকের আয়োজন করা হয় এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





