দেশের সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে রাজধানী ঢাকায় ১৫০ জন শিক্ষার্থীকে জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিশেষ আগ্রহে শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মাউশির তথ্যমতে, মোট ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ৫০ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা সংসদ ভবনের শিশু গ্যালারি ও স্টুডিওতে বসে সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পাবেন।
আরও পড়ুন;- শিক্ষাকে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: প্রধানমন্ত্রীর ঘোষণা
তবে এই সুযোগ পেতে শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীদের ছবি, পরিচয়পত্র ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।
এছাড়া সংসদ ভবনে প্রবেশের সময় কঠোর নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। কোনো ধরনের মোবাইল ফোন, ক্যামেরা বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রমের সঙ্গে পরিচিত করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






